চা-বাগানের ১৮০ পড়ুয়ার জন্য স্কুল বাসের দাবি, শ্রম দপ্তরে সুপারিশ নাগরাকাটার বিধায়ক পুনা ভেংগ্রার

রাজ্য শিক্ষা

  নিতাই মালাকার ( কোলকাতা.)বাংলার চাণক্য নিউজ ডেস্ক;- নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বামনডাঙ্গা টান্ডু চা-বাগানের প্রায় ১৮০ জন পড়ুয়ার নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে একটি নির্দিষ্ট স্কুল বাস চালুর সুপারিশ জানিয়ে রাজ্যের শ্রম দপ্তরের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন নাগরাকাটার বিধায়ক পুনা ভেংগ্রা।
২০ জুলাই ২০২৬ তারিখে পাঠানো ওই চিঠিতে বিধায়ক উল্লেখ করেছেন, সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বামনডাঙ্গা টান্ডু চা-বাগানের প্রায় ১৮০ জন ছাত্রছাত্রী প্রতিদিন প্রায় ১২ কিলোমিটার পথ অতিক্রম করে নাগরাকাটার বিভিন্ন স্কুলে পড়তে যায়। অধিকাংশই আর্থিকভাবে দুর্বল তফসিলি জনজাতি পরিবারের সন্তান। চা-বাগানটি অনিয়মিতভাবে চালু থাকায় এবং প্রায়ই বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিক পরিবারগুলির পক্ষে প্রতিদিন যাতায়াতের খরচ বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, বামনডাঙ্গা টান্ডু চা-বাগান থেকে নাগরাকাটা যাওয়ার রাস্তা ডায়না অরণ্যের মধ্য দিয়ে গেছে, যা বিশেষ করে স্কুলপড়ুয়া শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া এই রুটে কোনও সরাসরি সরকারি বা বাণিজ্যিক গণপরিবহণ পরিষেবা নেই। ফলে পড়ুয়াদের অনিরাপদ ও অনিয়মিত পরিবহণের ওপর নির্ভর করতে হচ্ছে, যার কারণে স্কুলে উপস্থিতি কমছে এবং পড়াশোনা ছেড়ে দেওয়ার আশঙ্কাও বাড়ছে।
এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং শিক্ষা নিশ্চিত করতে শ্রম দপ্তরের কাছে দ্রুত একটি নির্দিষ্ট স্কুল বাস অনুমোদনের আবেদন জানিয়েছেন বিধায়ক। তাঁর মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বামনডাঙ্গা টান্ডু চা-বাগানের প্রায় ১৮০ জন পড়ুয়ার নিরাপদ, নিয়মিত ও নিরবচ্ছিন্নভাবে বিদ্যালয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত হবে। পাশাপাশি চা-বাগান এলাকার দরিদ্র শ্রমিক পরিবারগুলিও উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *