সাগরদ্বীপে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাজের পর্যালোচনা, স্বনির্ভর গোষ্ঠীর কাজে মুগ্ধ আন্ডার সেক্রেটারি

রাজ্য

রমেশ রায় (গঙ্গাসাগর),বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লক ও গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করলেন মন্ত্রকের আন্ডার সেক্রেটারি অবিনাশ ভট্টাচার্য। মূলত সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের বাস্তবায়নের হাল-হকিকত জানাই ছিল তাঁর সফরের মূল লক্ষ্য।
​সকালে কলকাতা থেকে পৌঁছেই তিনি সাগর ব্লকের বিভিন্ন এলাকায় ‘বিভুগ্রাম-জি’ (VBGRAM-G) প্রকল্পের কাজের সরেজমিন পরিদর্শনে যান। মাঠপর্যায়ে কর্মী, স্থানীয় আধিকারিক এবং এনআরএলএম (NRLM) দলের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি প্রকল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি মতামত নেন। এরপর ব্লক কার্যালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে পিএমএওয়াই-জি (PMAY-G) সহ অন্যান্য গ্রামীণ উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিশদ পর্যালোচনা করেন। ​এদিনের পরিদর্শনে বিশেষ গুরুত্ব দেওয়া হয় গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তোলার বিষয়টিতে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা হাতে তৈরি বিভিন্ন সামগ্রী আন্ডার সেক্রেটারিকে দেখান। এই সামগ্রীগুলি বিক্রির মাধ্যমে মহিলারা কীভাবে আরও বেশি স্বাবলম্বী হয়ে উঠতে পারেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
​পরিদর্শন শেষে কাজের গতি ও গুণমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন অবিনাশ ভট্টাচার্য। তিনি বলেন, “গ্রামীণ জনজীবনের মানোন্নয়নে সরকারি প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ে ও কার্যকরীভাবে সম্পন্ন করতে হবে।” এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক অনিত নন্দী।এদিন বিকেলেই তিনি কোলকাতায় ফিরে যান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *