
তোতন দাশ বাংলার চাণক্য নিউজ ডেস্ক: – আজ উল্টো রথযাত্রা। গোটা রাজ্য মেতেছে আনন্দে।ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল উৎসবের মেজাজ।উল্টোরথে মিডে মিলে পরিবেশন করা হল জগন্নাথ দেবের ভোগ।বাসন্তী পোলাও , আলুর দম, বেগুনী , চাটনি, পাঁপড়, গজা, ফল তাতেই খুশি খুদে পড়ুয়ারা।
উল্টো রথযাত্রা উপলক্ষে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে রথযাত্রার আয়োজন করা হয়।সকাল সকাল বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা এসে রথ ফুল দিয়ে সাজিয়ে পুজোর পর রথ নিয়ে ফলতার বাস স্ট্যান্ড পর্যন্ত পরিক্রমার করে।উল্টোরথের ভোগ রাস্তায় পথ চলতি মানুষজনদের মধ্যে বিলি করে আবারও বিদ্যালয়ে ফিরে আসে।
এপ্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর বলেন, ‘অনেক নিম্নমধ্যবিত্ত পরিবারের শিশুরা যারা রথযাত্রার আনন্দ উপভোগ করতে পারে না, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য বিদ্যালয়ে রথযাত্রার আয়োজন করা হয়েছে’।

রথযাত্রা উপলক্ষেএদিন প্রায় ৩৮৫ জন ছাত্রছাত্রীদের জগন্নাথদেবের ভোগ হিসাবে বাসন্তী পোলাও , আলুর দম, বেগুনী , চাটনি, পাঁপড়, গজা, ফল খাওয়ানো হয়। আর তাতেই খুশি পড়ুয়ারা।মুলত পঠন পাঠনের সঙ্গে মধ্যাহ্ন ভোজে আর্কষণীয় করে তুলতেই বিদ্যালয়ের এই আয়োজনকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। পাশপাশি এই বিশাল আয়োজনের দায়িত্বে যেমন রাঁধুনিদের সঙ্গে রান্নার কাজে হাত লাগিয়ে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও।ভোর বেলা থেকে রান্নার কাজে নেমে পড়েন তাঁরা।ছাত্র-ছাত্রীদের পাতে ভোগ তুলে দিতে পেরে তারা গর্বিত।ধর্মীয় ঐতিহ্য,সামাজিক সম্প্রীতি আর বিদ্যালয়মুখী শিক্ষার বার্তাকে এক সূত্রে গেঁথে এই আয়োজন বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।






