
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বাংলায় ‘আয়ুষ্মান ভারত ‘প্রকল্প চালু হওয়া নিয়ে যখন রাজ্যজুড়ে চলছে ফর্ম ফিলাপের কাজ। আর তখনই পশ্চিমবঙ্গের মানুষের জন্য আরো এক বড় স্বাস্থ্য প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরের জনসভা থেকে তিনি জানিয়ে দিলেন, ক্রাইটেরিয়া বা নিয়মের গেরোয় পড়ে যাঁরা কেন্দ্রীয় প্রকল্পের আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না। তাদেরও চিকিৎসার জন্য আর চিন্তা করতে হবে না। তাদের জন্য আনা হচ্ছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’। এই নতুন প্রকল্পে মিলবে বার্ষিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সম্পূর্ণ সুবিধা।
ইতিমধ্যে রাজ্যের ‘আয়ুষ্মান ভারত প্রকল্পে’র অন্তর্ভুক্তির জন্য রাজ্যজুড়ে আবেদন গুলির যাচাইয়ের পর্বের কাজ চলছে জোর কদমে। তবে কারা এই সুবিধা পাবেন এবং কারা বাদ পড়বেন তা নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন সংশয় তৈরি হয়েছে। আর চিন্তা কাটাতেই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ঘোষণা করেন।
এদিনের সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, আমরা প্রায় সাড়ে ছ কোটি মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনবো কিন্তু যাঁরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে না, তাদের জন্য ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’ থাকবে। সেখানে প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী এদিন আরও জানান এই স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকবে না । রাজ্যের বাইরে চিকিৎসার প্রয়োজন হলেও যাতে উপভোক্তারা এই বিমার সুবিধা পান, সেদিকেও সরকার কাজ করছে। রাজ্য সরকারের দাবি, এই উদ্যোগের ফলে আয়ুষ্মান ভারতের বাইরে থাকা কোন যোগ্য পরিবারের চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবে না। স্বাস্থ্য খাতে আর্থিক সুরক্ষা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।






