
রমেশ রায় (গঙ্গাসাগর)বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- উল্টো রথ। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই রাত পর্যন্ত গঙ্গাসাগরে নেমেছিল সাধারণ মানুষের বিশাল ঢল।শুধু সাগরদ্বীপের মানুষজন ছিলেন না। পুণ্যতীর্থ গঙ্গাসাগরে ইসকনের রথের রশিতে টান দিতে হাজির হয়েছিলন রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তপ্রান মানুষজন।অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা করেছিল প্রশাসন।
এদিন সাগরের ছয়ের ঘেরি থেকে ইসকনের এই রথটি মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সবেমাত্র রথ টানা শুরু হয়েছে। রথযাত্রার দিন গঙ্গাসাগরের রুদ্রনগর থেকে ছয়ের ঘেরি পর্যন্ত রথ টানা হয়েছিল এবং সেখানেই ছিল মাসির বাড়ি। শুক্রবার উল্টো রথে সেই মাসির বাড়ি থেকে জগন্নাথদেবকে পুনরায় গঙ্গাসাগরের ইসকন মন্দিরে ফিরিয়ে আনা হয়। আর এই রথযাত্রার শুরুতেই ঢাক, ঢোল, করতাল ও বিভিন্ন নৃত্যর মধ্য দিয়ে এবং জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল গোটা এলাকা। হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছেন রথের দড়িতে টান দেওয়ার জন্য। এদিকে, এই বিশাল জনসমাগমকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য শুরু থেকেই তৎপর ছিল প্রশাসন। গঙ্গাসাগর কোস্টাল থানা ও সাগর থানার বিশাল পুলিশ বাহিনী গোটা রথের রুট জুড়ে কড়া নিরাপত্তাবলয় গড়ে তুলেছে। ভক্তদের উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই উল্টো রথযাত্রা এদিন পরিসমাপ্তি হয়।






