
তপন কুমার দাস,(ভাঙ্গড়) বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে দক্ষিণ২৪ পরগণার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে নির্মীয়মাণ কংক্রিটের সেতুর কাজ। রাজ্যে পালাবদলের পরও কাজ পুনরায় শুরু না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রতিবাদ ও অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
এরই পরিপ্রেক্ষিতে বুধবার নির্মীয়মাণ সেতুটি পরিদর্শনে যান ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সেচ দফতরের আধিকারিকরাও।
পরিদর্শন শেষে নওশাদ সিদ্দিকী জানান, সেতুর পাইলিং ও পিলার নির্মাণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই পর্যায়ের পর কিছুদিন অপেক্ষা করতে হয়, যাতে পিলারের ওপর কতটা ভার বহন করা সম্ভব, তা পরীক্ষা-নিরীক্ষা করা যায়। পাশাপাশি বর্ষার কারণে খালে জলস্তর বেড়ে যাওয়ায় কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই থেকে চার দিনের মধ্যেই পুনরায় সেতুর নির্মাণকাজ শুরু হবে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “ভাঙড়ের মানুষ ভালো। কিছু রাজনৈতিক কারবারি কাজের নামে পার্সেন্টেজ বা কমিশনের টাকা চাইতে পারে। আমি স্পষ্টভাবে বলছি, কাউকে কোনো ধরনের টাকা দেবেন না।”






