
নিতাই মালাকার(কোলকাতা), বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বিমাগ্রহীতাদের অভিযোগ দ্রুত ও সহজে নিষ্পত্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেল বিমা লোকপাল, কোলকাতা কেন্দ্রে। ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত চলতি অর্থবর্ষে কোলকাতা কেন্দ্রে মোট ৩,৬০৪টি অভিযোগ জমা পড়েছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৩,২৩৯। অর্থাৎ অভিযোগ গ্রহণের হার বেড়েছে ১১.২৬ শতাংশ। অন্যদিকে, অভিযোগ নিষ্পত্তির হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
চলতি বছরে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ৩,০৩৪টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। গত বছর একই সময়ে নিষ্পত্তি হয়েছিল ২,৪৬৮টি অভিযোগ। ফলে নিষ্পত্তির হার বেড়েছে ২২.৯৩ শতাংশ। পাশাপাশি অনলাইনে অভিযোগ জানানোর প্রবণতাও বেড়েছে। গত বছর অনলাইনে অভিযোগ জমা পড়ার হার ছিল ২৬.২৭ শতাংশ, চলতি বছরে তা বেড়ে হয়েছে ৫০.৩ শতাংশ। এ বিষয়ে জানান বিমা নেয়পাল মঞ্জু ব্যাগl
প্রতি বছর ১১ নভেম্বর বিমা লোকপাল দিবস পালিত হয়। ১৯৯৮ সালের এই দিনে ভারত সরকার জনঅভিযোগ নিষ্পত্তি বিধি জারি করেছিল। বর্তমানে দেশে বিমা লোকপালের ১৮টি কার্যালয় রয়েছে।
বিমা লোকপাল একটি আধা-বিচারবিভাগীয় অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা। জীবন বিমা, সাধারণ বিমা ও স্বতন্ত্র স্বাস্থ্য বিমা সংস্থা এবং বিমা ব্রোকারদের বিরুদ্ধে অভিযোগ এখানে বিনামূল্যে জানানো যায়। সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিমা দাবির ক্ষেত্রে মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে।
কোলকাতা কেন্দ্র পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিমাগ্রহীতাদের পরিষেবা দেয়। ২০২৫-২৬ অর্থবর্ষে এই কেন্দ্রে মোট ৫,০৫৮টি অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ জানানোর জন্য অনলাইন ব্যবস্থা এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির সুবিধাও চালু রয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

