
কোলকাতা, নিতাই মালাকার -বাংলার চাণক্য নিউজ ডেস্ক: – রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সরকারের ‘সংকল্প পত্র’-এ দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। অর্থ দপ্তর ইতিমধ্যেই সংশোধিত নির্দেশিকা জারি করেছে, যা ১১ মে ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ‘এ’ পদে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা হবে ৪১ বছর। গ্রুপ ‘বি’ পদে তা বেড়ে হয়েছে ৪৪ বছর এবং গ্রুপ ‘সি’ ও ‘ডি’ পদে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪৫ বছর। তবে যেসব পদের ক্ষেত্রে আগে থেকেই এর চেয়ে বেশি বয়সসীমা নির্ধারিত রয়েছে, সেগুলি অপরিবর্তিত থাকবে।
এছাড়াও পাবলিক সার্ভিস কমিশনের বাইরে রাজ্য আইনসিদ্ধ সংস্থা, সরকারি কোম্পানি ও স্থানীয় কর্তৃপক্ষের নিয়োগেও একরূপভাবে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর করা হয়েছে।
এই সিদ্ধান্তের প্রথম বড় প্রভাব পড়বে সরকারি সাহায্যপ্রাপ্ত ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক নিয়োগে। কলেজ সার্ভিস কমিশনের চলমান নিয়োগ প্রক্রিয়ায় এবার ৪৫ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগে এই সীমা ছিল ৪০ বছর।
সরকার জানিয়েছে, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য প্রচলিত বয়সের ছাড় আগের মতোই বহাল থাকবে।

ADVT





