
রমেশ রায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-রাজ্যজুড়ে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ ২০২৬। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ১৪ইজুলাই দক্ষিণ২৪পরগণার সাগর ব্লকেও মহাসমারোহে অরণ্য সপ্তাহ পালন করা হলো। পরিবেশ রক্ষা এবং সবুজায়নের বার্তাকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ব্লক প্রশাসনের সাগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
এদিন সাগর ব্লক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) কানাইয়া কুমার রাও, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি ও মহারাজ সহ ব্লকের বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এদিন স্থানীয় স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি, ব্লক অফিসের চত্বরে আধিকারিক ও জনপ্রতিনিধিরা নিজেরা গাছ লাগিয়ে অরণ্য সপ্তাহের সূচনা করেন। গাছ লাগানোর পাশাপাশি, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এদিন ব্লক চত্বর থেকে একটি ট্যাবলোর সূচনা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ট্যাবলোটি সাগর ব্লকের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গাছ লাগানোর প্রয়োজনীয়তা ও পরিবেশ রক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে।
প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পরিবেশপ্রেমীরা।






