
ছবি সৌজন্যে zootax
নিতাই মালাকার (কোলকাতা) বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দেশের জীববৈচিত্র্য গবেষণায় এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীন ভারতীয় প্রাণী সর্বেক্ষণ সংস্থা (জেডএসআই)। সংস্থাটি ১২ বছরেরও বেশি সময়ের গবেষণা শেষে ভারতের প্রজাপতি ও পতঙ্গ (লেপিডোপ্টেরা)-র প্রথম পূর্ণাঙ্গ জাতীয় তালিকা প্রস্তুত করেছে। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী Zootaxa-য় প্রকাশিত এই গবেষণা দেশের জীববৈচিত্র্য সংরক্ষণ ও শ্রেণীবিন্যাসভিত্তিক গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।
জেডএসআই-এর বিজ্ঞানী ড. নবনীত সিং ও ড. রাহুল যোশীর নেতৃত্বে বিস্তৃত ক্ষেত্রসমীক্ষা, জাদুঘরের সংগ্রহ এবং বৈজ্ঞানিক তথ্য যাচাইয়ের ভিত্তিতে ২২ খণ্ডে এই প্রকল্প সম্পন্ন হয়েছে। সর্বশেষ খণ্ডে ১,৬৮৯টি প্রজাতির তথ্য সংযোজিত হওয়ায় দীর্ঘদিনের শ্রেণীবিন্যাসগত অস্পষ্টতা দূর হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ভারতে বর্তমানে ১৩,৭০৩টি প্রজাপতি ও পতঙ্গের প্রজাতি রয়েছে। এগুলি ৩,৭০৫টি বর্গ, ২৪০টি উপপরিবার, ১০২টি পরিবার এবং ৩১টি সুপারফ্যামিলির অন্তর্গত। বিশ্বের পরিচিত লেপিডোপ্টেরা প্রজাতির প্রায় ৮.২৫ শতাংশই ভারতের বাসিন্দা, যা জীববৈচিত্র্যে সমৃদ্ধ দেশ হিসেবে ভারতের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
গবেষণায় বিশেষভাবে উঠে এসেছে জিওমেট্রয়েডিয়া সুপারফ্যামিলির গুরুত্ব। ভারতে এই গোষ্ঠীর ২,২০৫টি প্রজাতি রয়েছে, যা বিশ্বের মোট পরিচিত জিওমেট্রয়েডিয়া প্রজাতির প্রায় ৮.৮ শতাংশ। এর মধ্যে Geometridae পরিবারেই রয়েছে ২,১০০টি প্রজাতি, যা দেশের সমৃদ্ধ পতঙ্গ বৈচিত্র্যের পরিচয় বহন করে।
বিশেষজ্ঞদের মতে, প্রজাপতি ও পতঙ্গ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা পরাগায়ন, জৈব পদার্থের পুনর্ব্যবহার, খাদ্যশৃঙ্খল বজায় রাখা এবং কৃষি ও বন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে এই জাতীয় তালিকা গবেষক ও নীতিনির্ধারকদের জন্য একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার হিসেবে কাজ করবে।
জেডএসআই-এর অধিকর্তা ড. ধৃতি বন্দ্যোপাধ্যায় বলেন, “এই তালিকাগুলি দেশের জীববৈচিত্র্য গবেষণা, পরিবেশ পর্যবেক্ষণ ও সংরক্ষণে একটি মূল্যবান সম্পদ হবে।





