
হিমাদ্রিশেখরমণ্ডল,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- চলছে মাধ্যমিক পরীক্ষা। তার মধ্যেই সন্দেশখালি -১ নম্বর ব্লকের বয়ারমারি -২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঢেকনামারি গ্রামে বিদ্যাধরী খালের ওপর থাকা কংক্রিটের সেতু ভেঙে পড়ল খালে। বুধবার দুপুরে বারোটা নাগাদ মাঘী পূর্ণিমার কোটালের জেরে খালের জলস্তর হঠাৎ বেড়ে যায়, দীর্ঘদিন ধরে বেহাল থাকা সেতুটি ভেঙে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাম আমলে বয়ারমারি -২ গ্রাম পঞ্চায়েত এলাকায় বয়ারমারি খালের ওপর কংক্রিটের সেতুটি তৈরি হয়। ৮ ফুট চওড়া প্রায় ১০০ ফুট লম্বা কংক্রিটের সেতুটি বহু বছর ধরে সংস্কারের অভাবে ভগ্নপ্রায় অবস্থায় ছিল। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও কাজ হয়নি। অবশেষে দুর্বল কাঠামোর ওপর অতিরিক্ত জলের চাপ পড়ায় দুর্ঘটনা ঘটে। আর সেই সেতু ভেঙে পড়ার ফলে ঢেকনামারি, বয়ারমারি-১ ও ২ গ্রাম পঞ্চায়েতের প্রায় দশটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বহু মাধ্যমিক পরীক্ষার্থী সেই সেতু ব্যবহার করে প্রতিদিন পরীক্ষা কেন্দ্রের যাতায়াত করত। কারণ সেতুটি ঢেকনামারি আদিবাসী বিদ্যাপীঠের একেবারেই কাছে। ওই স্কুলেই মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র থাকায় সমস্যায় পড়তে হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের। তাই পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই অনেক পড়ুয়াকে এখন দীর্ঘ পথ ঘুরে কিংবা নৌকার মাধ্যমে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হবে। ওই সেতুর উপর দিয়েই রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হয়। হঠাৎ সেতুটি ভেঙে পড়ায় জরুরি পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও রকম অসুবিধা না হয় তার জন্য ব্যবস্থা নেবো। মহাকুমা প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। অস্থায়ী বাঁশের পাটাতন করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।’
অন্যদিকে, সন্দেশখালির সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার বলেন, ‘বাম আমলে সেতুটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে বিপদজনক হয়ে উঠেছিল। বারবার সেতুটি সংস্কারের দাবি জানানো স্বত্বেও তা হয়নি। তার জেরে এই দুর্ঘটনা।’
শেষ পাওয়া খবর অনুযায়ী, আজ বৃহস্পতিবার সেখানে ভাঙা সেতুর পাশে অস্থায়ী বাঁশের পাটাতন করে দেওয়া হয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
