
নিতাই মালাকার,(কোলকাতা)বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বিশ্বশান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা নিয়ে আগামী ১৬ জুলাই ইসকন কোলকাতার উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ৫৫তম কলকাতা রথযাত্রা। এবারের রথযাত্রার মূল প্রতিপাদ্য ‘ভারতের ভূমি—মন্দির সংস্কৃতির ঐতিহ্য’। আয়োজকদের দাবি, ধর্ম-বর্ণ-ভাষার বিভেদ ভুলে মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করাই এই উৎসবের প্রধান লক্ষ্য।
প্কলকাতা রথযাত্রা (২০২৬)
১৬ জুলাই দুপুর ১২টায় আলবার্ট রোডে ইসকন কোলকাতা মন্দির থেকে রথযাত্রার সূচনা হবে। রথটি হাঙ্গারফোর্ড স্ট্রিট, এ.জে.সি. বোস রোড, হাজরা, এস.পি. মুখার্জি রোড, এক্সাইড, জওহরলাল নেহরু রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছাবে। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথ বা বাহুড়া যাত্রা।
এবারের রথযাত্রার অন্যতম আকর্ষণ ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত তিনটি রথ। ভগবান জগন্নাথের ৩৮ ফুট উচ্চতার রথে রয়েছে ভাঁজ করা যায় এমন ছাউনি এবং গত বছর সংযোজিত সুখোই-৩০ যুদ্ধবিমানের শক্তিশালী চাকা যুদ্ধের প্রতীককে শান্তির সেবায় উৎসর্গ করার বার্তাই এর মাধ্যমে তুলে ধরা হয়েছে।
রথযাত্রা উপলক্ষে ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সাতদিনব্যাপী জগন্নাথ মহামেলা। সেখানে তিরুপতির শ্রী বালাজি মন্দিরের আদলে নির্মিত গুণ্ডিচা মন্দিরের প্রতিরূপ, প্রতিদিন মহাপ্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিমূলক নাট্যাভিনয় এবং বিশিষ্ট শিল্পীদের পরিবেশনা থাকবে।
ইসকন কলকাতার দাবি, বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ৪,০০০-এর বেশি স্থানে রথযাত্রা পালিত হয়। পুরীর পর কোলকাতার রথযাত্রাই দেশের অন্যতম বৃহৎ, যেখানে প্রতিবছর প্রায় ৩০ লক্ষ মানুষের সমাগম হয়। এবারের উৎসবেও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
বর্তমান অস্থির বিশ্বপরিস্থিতিতে ভগবান জগন্নাথের রথযাত্রা মানুষের হৃদয়ে শান্তি, ভ্রাতৃত্ববোধ, প্রেম ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেবে এবং সমাজে সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।






