স্বপ্নের লড়াইয়ে হঠাৎ বিরতি, উচ্চমাধ্যমিকের প্রথম দিনেই অসুস্থ হয়ে বারুইপুর হাসপাতালে পরীক্ষার্থী

রাজ্য শিক্ষা

হিমাদ্রিশেখর মণ্ডল, বাংলার চাণক্য নিউজ ডেস্ক :-   শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। রাজ্যজুড়ে কঠোর নিরাপত্তা ও নির্দিষ্ট নিয়ম মেনে পরীক্ষার্থীদের প্রবেশ করানো হয় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। বারুইপুরের রাসমণি বালিকা বিদ্যালয়েও একই নিয়ম মেনেই পরীক্ষা শুরু হচ্ছিল। তবে প্রথম দিনেই সেখানে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। যা উদ্বেগে ফেলেদেয় শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের।
ধবধবী হাই স্কুলের ছাত্রী আফসানা খাতুনের সিট পড়েছিল বারুইপুর থানার অন্তর্গত রাসমণি বালিকা বিদ্যালয়ে। সকালে অন্যান্য পরীক্ষার্থীদের মতো সেও পরীক্ষাকেন্দ্রে পৌঁছে নির্দিষ্ট কক্ষে প্রবেশ করে। কিন্তু পরীক্ষার হলে ঢোকার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে সে। ঘটনায় পরীক্ষার হলে মুহূর্তের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
        পরিস্থিতি বুঝে দ্রুত এগিয়ে আসেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক- শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে তাকে সুস্থ করার চেষ্টা করা হলেও অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি খবর দেওয়া হয় আফসানার বাড়ির লোকজনকে। পরিবারের সদস্যরাও তড়িঘড়ি হাসপাতালে পৌঁছে যান।
হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি অবজারভেশনে রাখেন। প্রাথমিক চিকিৎসা শুরু হয় এবং তাকে অক্সিজেন দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা চলছে। তবে ঠিক কী কারণে সে অসুস্থ হয়ে পড়েছিল, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
        উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই এমন ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে আফসানা। স্বাভাবিকভাবেই এদিন তার পরীক্ষা দেওয়া আর সম্ভব হয়নি। পরবর্তী পরীক্ষা গুলোতে সে অংশ নিতে পারবে কিনা, তা নির্ভর করছে তার দ্রুত সুস্থতার ওপর।
         পরীক্ষাকেন্দ্রের তরফে জানানো হয়েছে, দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলেই বড় কোনও বিপদ এড়ানো গেছে। তবুও এই ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। এখন সবার একটাই প্রার্থনা—দ্রুত সুস্থ হয়ে উঠে আবার পরীক্ষার লড়াইয়ে ফিরে আসুক আফসানা খাতুন। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *