
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- হকাদের জন্য বড় স্বস্তির খবর দিলো কোলকাতা হাইকোর্ট। আগামী ১৭ই জুন পর্যন্ত হকারদের উচ্ছেদে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি হীরন্ময় ভট্টাচার্য এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। আদালতের নির্দেশের ফলে আগামী সোমবার পর্যন্ত কোলকাতা ও সংলগ্ন এলাকায় কোন হকার উচ্ছেদ অভিযান চালানো যাবে না। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ১৭ই জুন।
প্রসঙ্গত গত রবিবার গভীর রাতে শিয়ালদহ দক্ষিণ শাখায় যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালানোর সময় হকার ও প্রশাসনের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। হকারদের অভিযোগ তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম ব্যবসা। কোন বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়াই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বলে তাদের দাবি। এর ফলে বহু পরিবার অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। ক্ষতিগ্রস্ত হকাররা কোলকাতার হাইকোর্টের দ্বারস্থ হন।তাঁদের পক্ষের আইনজীবী জরুরী ভিত্তিতে বিষয়টি আদালতের নজরে আনেন এবং দ্রুত শুনানির আবেদন জানান। বিচারপতি হীরন্ময় ভট্টাচার্য বিষয়টি গুরুত্ব উপলব্ধি করে মামলাটি গ্রহণ করেন এবং হকারদের মামলার দায়ের অনুমতি দেন। শুনানিতে হকারদের পক্ষে দাবী করা হয় দীর্ঘদিন ধরে তারা ওই এলাকার ব্যবসা করছেন এবং তাদের জীবিকা সম্পূর্ণরূপে এই ব্যবসার উপরে নির্ভরশীল। পুনর্বাসনের কোন ব্যবস্থা এবং পরিকল্পনা ছাড়াই উচ্ছেদে অভিযান চালানো হলে হাজার হাজার মানুষের জীবনে মারাত্মক প্রভাব পড়বে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় সরকারি ও রেলের জমি দখলমুক্ত করার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই কারণেই অভিযান চালানো হচ্ছে।

ADVT





