সোনারপুর থেকে নিউটাউন সরকারি এসি 58 বাস পরিষেবা চালু হল

রাজ্য

হিমাদ্রিশেখর মণ্ডল, (সোনারপুর),বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- : রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে ২ জুলাই সোনারপুর লিভার ফাউন্ডেশন থেকে নিউটাউন ইকো স্পেস পর্যন্ত সরকারি এসি 58 বাস পরিষেবা চালু হল। ২ জুলাই এই বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক পিযুশ কানোরিয়া। এই বাসটির সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং সর্বোচ্চ ৫০ টাকা। তবে মহিলাদের ক্ষেত্রে পুরো ফ্রি।

সোনারপুর থেকে কামাল গাজি, ইএম বাইপাস হয়ে, চিংড়িঘাটা হয়ে, টাটা হসপিটাল, ইকো স্পেস পর্যন্ত সরকারি বাসটি যাবে।

 ৩ জুলাই  সকাল সাড়ে ৭টা থেকে এই সরকারি বাস পরিষেবা পাওয়া যাবে। আপাতত এই রুটে ৫ টি সরকারি এসি বাস চলবে। পরে এই বাস চাহিদা অনুযায়ী আরও বাড়ানো হবে বলে পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই খবরে সোনারপুর এলাকার মানুষ ভীষণ খুশি।
       এতদিন পর্যন্ত সোনারপুর থেকে কোনও  সরকারি বাস পরিষেবা চালু ছিল না। 

 উল্লেখ্য বাম আমলে একবার ভোটের আগে সোনারপুর থেকে সল্টলেক সরকারি বাস (ভূতল) চালু করা হয়েছিলো। কিন্তু ভোটের পর সেই বাস পরিষেবা বন্ধ করে দিয়েছিল। তৃণমূল আমলে জীবন মুখোপাধ্যায় বিধায়ক থাকার সময়ে সরকারি বাস চালু করা হয়েছিল। কিন্তু ভোটের পর আবার তা বন্ধ করে দেওয়া হয়। এলাকার মানুষের অভিযোগ, অটো ও টোটো ইউনিয়নের থেকে মোটা টাকা বাম ও তৃণমূলের নেতারা খেয়েই বাসগুলো বন্ধ করে দিয়েছিল। সোনারপুর এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল, সোনারপুর থেকে নিউটাউন ও সোনারপুর থেকে ধর্মতলা হয়ে হাওড়া সরকারি বাস পরিষেবা চালু করা হোক। কারণ সোনারপুর থেকে কলকাতায় যেতে গেলে ট্রেনই একমাত্র ভরসা। কোনও  কারণে ট্রেন বন্ধ হয়ে গেলে সোনারপুরবাসীদের চরম ভোগান্তি পোহাতে হয়। অথচ সুভাষগ্রাম ও বারুইপুর থেকে সরকারি বাস চালু আছে। কিন্তু বাম ও তৃণমূলের নেতারা নিজেদের পকেট ভরাতে গিয়ে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে সোনারপুরবাসীদের সঙ্গে শুধুই বঞ্চনা করেছে।  শুধু তাই নয়, এলাকায় মানুষের আরও দাবি, সোনারপুর থেকে দিঘা সরকারি বাস চালু করতে হবে এবং সোনারপুর থেকে ধামাখালি পাবলিক বাস পরিষেবা চালু করতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *