কমিউনিটি পুলিশিংয়ের অনন্য নজির, হোমের আবাসিক রুমার বিয়ে দিল উস্তি থানা

অন্যান্য রাজ্য

শুভেন্দু ঘোষ (উস্তি)বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  কাজের চাপে প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে পুলিশের কড়া ভূমিকা। কিন্তু মানবিক মুখও যে কতটা উজ্জ্বল হতে পারে, তার এক অনন্য নজির গড়ল ডায়মন্ড হারবার পুলিশ জেলার উস্তি থানা। ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কাকে উপেক্ষা করে শুক্রবার সকালে দেউলার একটি আবাসিক হোমে চার হাত এক হল রুমা ও শান্তনুর। রুমার অভিভাবকের ভূমিকায় দাঁড়িয়ে বিবাহ সম্পন্ন করালেন উস্তি থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল কুমার ও থানার অন্যান্য পুলিশকর্মীরা।

ছোটবেলা থেকেই দক্ষিণ২৪পরগণার দেউলার আশরা শক্তি সদনে বড় হয়ে উঠেছেন রুমা। তাঁর নিজস্ব পরিবার বলতে এই আবাসিক হোমের আবাসিক আর পরিচালকরাই। বিয়ের বয়স হলেও ভবিষ্যৎ ও বিবাহ আয়োজন নিয়ে ছিল নানা অনিশ্চয়তা। সেই জায়গাতেই অভিভাবকের হাত বাড়িয়ে দিল উস্তি থানা। ওসি রাহুল কুমারের উদ্যোগে এবং থানার পুলিশকর্মীদের সার্বিক সহযোগিতায় রুমার বিয়ের সমস্ত আয়োজন করা হয়।
শুক্রবার সকাল থেকেই আবহাওয়া ছিল বেশ প্রতিকূল। ঘূর্ণিঝড় আকভানের ভয়কে দূরে সরিয়ে দিয়ে সকাল সকালই বিয়ের আসর বসে দেউলার ওই হোমে। শান্তনুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রুমা। উস্তি থানার ওসি নিজে দাঁড়িয়ে থেকে পুরো বিবাহ পর্ব তদারকি করেন ও সম্পন্ন করান। বিয়ে উপলক্ষ্যে ছিল এলাহি খাওয়া-দাওয়ার আয়োজনও। আমন্ত্রিতদের পাতে ছিল বিরিয়ানি থেকে শুরু করে নানা রকমের মিষ্টি।
পুলিশের এই মানবিক উদ্যোগে খুশির হাওয়া আবাসিক হোমের বাকি আবাসিকদের মধ্যেও। নতুন জীবনে পা রাখা রুমা ও শান্তনুকে শুভেচ্ছা জানান উপস্থিত সকলেই। সব মিলিয়ে, কমিউনিটি পুলিশিংয়ের এক ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করল ডায়মণ্ডহারবার পুলিশ জেলার উস্তি থানা। 

ADVT

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *