
নিতাই মালাকার(কোলকাতা)বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভারত ও ভুটানের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে একাধিক কর্মসূচি গ্রহণ করল ন্যাশনাল ক্যাডেট কোর (এনসিসি)। দুই দেশের যুবসমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সাংস্কৃতিক আদানপ্রদান এবং সহযোগিতা বাড়াতে সাইকেল অভিযান ও যুব বিনিময় শিবিরের আয়োজন করা হয়েছে।
১২ ডিসেম্বর ২০২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ইন্দো-ভুটান এনসিসি-গ্যালসুং সাইক্লিং অভিযান’। ভুটানের থিম্পু থেকে দিল্লি পর্যন্ত প্রায় ২১০০ কিলোমিটার পথ অতিক্রম করবেন দুই দেশের ক্যাডেটরা। এই অভিযানে ভারতের ৬ জন ছাত্র ও ৬ জন ছাত্রী এনসিসি ক্যাডেট এবং ভুটানের ৩ জন ছাত্র ও ৩ জন ছাত্রী গ্যালসুং ক্যাডেট অংশ নেবেন। দুই দেশের সেনাবাহিনীর আধিকারিক ও জওয়ানরাও তাঁদের সঙ্গে থাকবেন। ভুটান, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ ও দিল্লির মধ্য দিয়ে ৩৬ দিনে এই অভিযান সম্পন্ন হবে। ১২ ডিসেম্বর থিম্পুতে অভিযানের সূচনা এবং ২৮ জানুয়ারি দিল্লিতে এনসিসির প্রধানমন্ত্রীর সমাবেশে ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সমাপ্তি হওয়ার কথা।
পাশাপাশি ২১ থেকে ২৭ নভেম্বর ভুটানে অনুষ্ঠিত হবে ‘ইন্ডিয়া-ভুটান ইয়ুথ ফ্রেন্ডশিপ ক্যাম্প’। এতে ভারতের ২৯ জন ছাত্র ও ২৯ জন ছাত্রী-সহ দুই আধিকারিক অংশ নেবেন। ভুটানের ডেসুং ক্যাডেটরাও এই শিবিরে যোগ দেবেন। দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ, অ্যাডভেঞ্চার, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
১৭ নভেম্বর বিনাগুড়ি সামরিক কেন্দ্রে মেজর জেনারেল অমর পাল সিং চাহাল এই সাইক্লিং অভিযানের যৌথ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন। ১৮ নভেম্বর তিনি মালবাজারে যুব বন্ধুত্ব শিবিরের প্রস্তুতি শিবিরও পরিদর্শন করেন।
ক্যাডেটদের উৎসাহ ও নিষ্ঠার প্রশংসা করে তিনি দুই দেশের যুবসমাজকে নিজ নিজ দেশের বন্ধুত্বের দূত হিসেবে কাজ করার আহ্বান জানান। দুই কর্মসূচির লক্ষ্য, যুবসমাজের মাধ্যমে ভারত-ভুটান সম্পর্ককে আরও সুদৃঢ় করা।

ADVT

ADVT

ADVT

ADVT

