দীপাবলিতে সবুজ বাজিতেই ছাড়, ফানুস ওড়াতে অনুমতি বাধ্যতামূলক

রাজ্য

ফাইল চিত্র—

   নিতাই মালাকার( কোলকাতা)বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-   কালীপুজো, দীপাবলি ও ছটপুজো উপলক্ষে বাজি পোড়ানো এবং ফানুস ওড়ানো নিয়ে কড়া বিধিনিষেধ জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে স্বরাষ্ট্র, পরিবেশ, পুলিশ, দমকল ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ সাংবাদিক বৈঠকে জানানো হয়, সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশিকা মেনেই উৎসবের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিনা অনুমতিতে ফানুস বা এয়ার বেলুন ওড়ানো বেআইনি বলেও জানানো হয়েছে।

স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ জানান, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অনুমোদিত সবুজ বাজি ছাড়া অন্য কোনও বাজি ব্যবহার করা যাবে না। নির্দেশিকা অনুযায়ী, দীপাবলির দিন রাত ৮টা থেকে ১০টা এবং ছটপুজোর দিন ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে।

রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত জানান, অনুমতি ছাড়া ফানুস ওড়ানোর কারণে অতীতে একাধিক দুর্ঘটনা ঘটেছে। তাই নিরাপত্তার স্বার্থে এ বছর বিশেষ নজরদারি চালানো হবে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, কর্পোরেশন, পুরসভা ও পুলিশের চিহ্নিত নিরাপদ খোলা জায়গায় বাজির বাজার বসানো হবে। সেখানে দমকলের ইঞ্জিন ও অ্যাম্বুল্যান্স মোতায়েন থাকবে। হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান-সহ নীরব এলাকার ১০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নজরদারির জন্য কন্ট্রোল রুম, বিশেষ পুলিশি টহল এবং জেলাস্তরে পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হচ্ছে।

অনুমোদিত সবুজ বাজির প্যাকেটে থাকা কিউআর কোড স্ক্যান করে ক্রেতারা তার বৈধতা যাচাই করতে পারবেন। বহুতল আবাসনেও বাজি পোড়ানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আবেদন জানানো হয়েছে।

এদিকে, বেআইনি বাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে কলকাতার বড়বাজার থেকে ১১০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশ দপ্তরের সচিব সৌমিত্র গুপ্ত, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, দমকলের ডিজি মনোজ শর্মা এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য-সচিব অশোক সিং-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। 

ADVT

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *