দুধ উৎপাদনে বিশ্বে শীর্ষে ভারত, ১০ বছরে বৃদ্ধি ৬৯ শতাংশ-৮.৫ কোটি গ্রামীণ পরিবারের জীবিকার উৎস দুগ্ধশিল্প

অন্যান্য

ফাইল চিত্র—

 নিতাই মালাকার,(কোলকাতা) বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-     পুষ্টি নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের আর্থিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতের দুগ্ধশিল্প। ধারাবাহিক উৎপাদন বৃদ্ধির সুবাদে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশের শিরোপা ধরে রেখেছে ভারত। বর্তমানে বিশ্বের মোট দুধ উৎপাদনের প্রায় এক-চতুর্থাংশই আসে আমাদের দেশ থেকে। ২০১৪-১৫ অর্থবর্ষে যেখানে দেশে দুধ উৎপাদনের পরিমাণ ছিল ১৪৬.৩১ মিলিয়ন টন, সেখানে ২০২৪-২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৪৭.৮৭ মিলিয়ন টনে। অর্থাৎ এক দশকে উৎপাদন বেড়েছে ৬৯.৪১ শতাংশ। জাতীয় দুগ্ধ দিবস উপলক্ষে দেশের এই সাফল্যের পাশাপাশি দুগ্ধচাষিদের অবদানও বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

প্রতি বছর ২৬ নভেম্বর শ্বেত বিপ্লবের জনক ড. ভার্গিস কুরিয়েনের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় জাতীয় দুগ্ধ দিবস। দেশের প্রায় ৮.৫ কোটি গ্রামীণ পরিবার দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত। এই ক্ষেত্রের কর্মীবাহিনীর প্রায় ৭০ শতাংশই মহিলা। ফলে গ্রামীণ অর্থনীতিতে মহিলাদের স্বনির্ভরতা ও ক্ষমতায়নের ক্ষেত্রেও দুগ্ধশিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুধের মাথাপিছু প্রাপ্যতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৪-১৫ সালে দৈনিক মাথাপিছু ৩১৯ গ্রাম দুধের প্রাপ্যতা ২০২৪-২৫ সালে বেড়ে হয়েছে ৪৮৫ গ্রাম। গবাদি পশুর গড় বার্ষিক দুধ উৎপাদনশীলতাও ১,৬৪০ কিলোগ্রাম থেকে বেড়ে ২,৮০০ কিলোগ্রামে পৌঁছেছে। উৎপাদনে এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্র। এই পাঁচ রাজ্য থেকেই দেশের মোট দুধের ৫৪.০৯ শতাংশ উৎপাদিত হয়।

ভারতের দুগ্ধ অর্থনীতির অন্যতম শক্তি সমবায় ব্যবস্থা। বর্তমানে ২২টি রাজ্য দুধ উৎপাদক ফেডারেশন, ২৪১টি জেলা দুগ্ধ ইউনিয়ন এবং প্রায় ২.৪৫ লক্ষ গ্রামের ১.৬৫ কোটি দুগ্ধচাষি এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। অন্যদিকে, জাতীয় দুগ্ধ উন্নয়ন পর্ষদের সহযোগী সংস্থা এনডিডিবি ডেয়ারি সার্ভিসেস ২৫টি দুধ উৎপাদক সংস্থা গড়ে তুলেছে। এর মধ্যে ১৮টি সংস্থার সদস্যই মহিলা। ১২টি রাজ্যের ১৭৫টি জেলায় ১৩ লক্ষেরও বেশি উৎপাদককে নিয়ে গড়ে ওঠা এই সংস্থাগুলি প্রতিদিন প্রায় ৭০ লক্ষ লিটার দুধ সংগ্রহ করে।

দুগ্ধশিল্পের প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শ্বেত বিপ্লব ২.০-তে। ২০২৮-২৯ সালের মধ্যে অনাবৃত গ্রাম ও পঞ্চায়েতে ৭৫ হাজার নতুন দুগ্ধ সমবায় সমিতি গড়ে তোলার পাশাপাশি ৪৬,৪২২টি বিদ্যমান সমিতিকে শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ২৪,০৯৭টি নতুন সমিতি গঠন এবং ৩১,৩৯৪টি সমিতিকে শক্তিশালী করা হয়েছে।

পাশাপাশি জাতীয় দুগ্ধ উন্নয়ন কর্মসূচি, রাষ্ট্রীয় গোকুল মিশন এবং পশুর স্বাস্থ্য ও রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে উন্নত প্রজনন প্রযুক্তি, পশুচিকিৎসা, দুধ সংগ্রহ ও শীতলীকরণ পরিকাঠামো সম্প্রসারণ করা হচ্ছে। পশুপালকদের সুবিধায় ‘ভারত পশুধন’ ডিজিটাল তথ্যভাণ্ডারে প্রায় ৩৯.৪২ কোটি পশু আধার নথিভুক্ত হয়েছে।

পরিবেশবান্ধব দুগ্ধ উৎপাদনেও জোর দেওয়া হচ্ছে। গোবর ও কৃষিজ বর্জ্য থেকে বায়োগ্যাস, জৈব সার এবং পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারত ৯৭,৫২৪.৮২ মেট্রিক টন দুগ্ধজাত পণ্য রপ্তানি করে ৪০৭.১২ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।

সব মিলিয়ে উৎপাদন বৃদ্ধি, সমবায় ব্যবস্থার সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তি এবং মহিলা দুগ্ধচাষিদের অংশগ্রহণের মধ্য দিয়ে ভারতের দুগ্ধশিল্প গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে। 

ADVT

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *