
নিতাই মালাকার: (কোলকাতা)বাংলার চাণক্য নিউজ ডেস্ক :- রাজ্যের যানবাহনের মালিকদের আর্থিক স্বস্তি দিতে এককালীন ছাড় প্রকল্প ২০২৬–২৭ চালু করল পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দপ্তর। এই প্রকল্পে বকেয়া মোটরযান করের উপর জমা হওয়া জরিমানায় ১০০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ ফিটনেস সার্টিফিকেট (CF) নবীকরণের ক্ষেত্রেও অতিরিক্ত ফি-তে বিশেষ ছাড় মিলবে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই সুবিধা গ্রহণ করা যাবে।
পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, অর্থ দপ্তরের অনুমোদনক্রমে ২৩ নভেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞপ্তি নম্বর ৪৯০৮-WT/TPT-18011/176/2023 জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারির দিন থেকেই প্রকল্পটি কার্যকর হয়েছে। পশ্চিমবঙ্গে নিবন্ধিত পরিবহণ ও অ-পরিবহণ—উভয় শ্রেণির যানবাহনের মালিকরাই এই প্রকল্পের আওতায় আসবেন।
প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা হল বকেয়া মোটরযান করের জরিমানায় সম্পূর্ণ ছাড়। ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট যানবাহনের মালিক বকেয়া মোটরযান করের সম্পূর্ণ অর্থ জমা দিলে, পরিশোধের তারিখ পর্যন্ত জমা হওয়া জরিমানার ১০০ শতাংশই মকুব করা হবে। ফলে দীর্ঘদিন ধরে কর বকেয়া থাকা গাড়ির মালিকরা আর্থিক বোঝা কমিয়ে বকেয়া মেটানোর সুযোগ পাবেন।
এ ছাড়াও মেয়াদ উত্তীর্ণ ফিটনেস সার্টিফিকেট নবীকরণের ক্ষেত্রে অতিরিক্ত ফি-তে ছাড় দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ শেষ হওয়ার পর ৩০ দিনের কম বিলম্ব হলে প্রতিদিন ৫০ টাকা হারে ছাড়প্রাপ্ত ফি দিতে হবে। অন্যদিকে, বিলম্বের সময়সীমা ৩০ দিন বা তার বেশি হলে এককালীন ১,৫০০ টাকা দিতে হবে। এই সুবিধা পেতে ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ফিটনেস সার্টিফিকেট নবীকরণ সম্পন্ন করতে হবে।
প্রকল্পের সুবিধা পেতে সংশ্লিষ্ট যানবাহনের মালিকদের সমস্ত প্রযোজ্য কর ও ফি পরিশোধ করতে হবে। ফিটনেস সার্টিফিকেট নবীকরণ বাধ্যতামূলক এমন যানবাহনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে।
পরিবহণ দপ্তরের তরফে প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনলাইন পরিষেবায় প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য কেন্দ্রের এনআইসি-র ডিরেক্টর (আইটি)-কে VAHAN সফটওয়্যারে সংশোধনের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সমস্ত আঞ্চলিক পরিবহণ আধিকারিক (আরটিও) এবং সহকারী আঞ্চলিক পরিবহণ আধিকারিকদের (এআরটিও) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবহণ দপ্তরের পক্ষ থেকে বকেয়া কর রয়েছে অথবা ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এমন সমস্ত যানবাহনের মালিককে ৩১ ডিসেম্বরের সময়সীমার মধ্যে এই সুযোগ গ্রহণের আবেদন জানানো হয়েছে। বিস্তারিত তথ্য ও সহায়তার জন্য সংশ্লিষ্ট আরটিও বা এআরটিও অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
দপ্তরের আশা, এই এককালীন ছাড় প্রকল্পের ফলে একদিকে যেমন গাড়ির মালিকদের আর্থিক চাপ কমবে, অন্যদিকে তেমনই বকেয়া কর আদায়, নথিপত্রের সময়মতো নবীকরণ এবং যানবাহনের আইনসম্মত চলাচল নিশ্চিত করাও সহজ হবে।

ADVT

ADVT

ADVT

ADVT

