রাজ্যের প্রধান শিক্ষক সংগঠন (ASFHM)-এর তিন দিনের রাজ্য দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন শুরু হল কোলকাতায়

রাজ্য শিক্ষা

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাজ্যের সরকার অনুমোদিত, সরকার-পোষিত ও সাহায্যপ্রাপ্ত হাই স্কুল এবং মাদ্রাসার প্রধান শিক্ষক–শিক্ষিকাদের সর্ববৃহৎ অরাজনৈতিক ও সরকারি নিবন্ধিত সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস (ASFHM)–এর রাজ্য দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন শুক্রবার থেকে কোলকাতার কলেজ স্কয়ারের নিকট মহাবোধি সোসাইটির সংলগ্ন ইউনিভার্সিটি ইন্সটিটিউট হলে শুরু হয়েছে। আগামী ১৯, ২০ ও ২১ ডিসেম্বর ২০২৫—শুক্রবার, শনিবার ও রবিবার—প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই সম্মেলন।*

সংগঠনের তরফে জানা গেছে, এই সম্মেলনে কুচবিহার থেকে কাকদ্বীপ, আলিপুর থেকে আলিপুরদুয়ার এবং বাঁকুড়া থেকে বহরমপুর—রাজ্যের সর্বত্র থেকে আগত প্রায় এক হাজার প্রধান শিক্ষক ও শিক্ষিকা প্রতিনিধি অংশগ্রহণ করছেন। তিন দিন ধরে মোট ৪৪ জন প্রতিনিধি রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা, সমস্যা ও  তার সমাধানে সংগঠনের ভূমিকা, প্রধান শিক্ষক–শিক্ষিকাদের পেশাগত বঞ্চনা, স্বচ্ছতার সঙ্গে অবিলম্বে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক নিরাপত্তা, শিক্ষা বহির্ভূত অস্বাভাবিক প্রশাসনিক চাপ থেকে বিদ্যালয়কে মুক্ত রাখা, বিদ্যালয়ের প্রধানসহ সকল কর্মীকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম–এর আওতায় আনা, শিক্ষার্থী ড্রপআউট রোধ, নাবালিকা বিয়ে বন্ধ, পাঠ্যসূচি নিয়ে শিক্ষা দপ্তর ও শিক্ষা পর্ষদগুলির খামখেয়ালিপনা, স্কুল সার্ভিস কমিশনের বেলাগাম দুর্নীতি, শিক্ষার বেসরকারীকরণ, ক্রমাগত কমতে থাকা কম্পোজিট গ্রান্ট, মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিভিন্ন অজুহাতে আর্থিক জরিমানা আরোপ (বানান ভুলে জরিমানা, লেট রেজিস্ট্রেশনে ছাত্রপিছু বড় অঙ্কের ফি), শিক্ষা প্রতিষ্ঠানের রিপেয়ারিং ও মেনটেন্যান্স গ্রান্টের অভাবসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা চলবে।

এদিন  (শুক্রবার) সকাল ৯টায় এক বর্ণাঢ্য প্রভাতফেরির মাধ্যমে তিন দিনের এই রাজ্য সম্মেলনের সূচনা হয়। সকাল ১০টায় ইউনিভার্সিটি ইন্সটিটিউট হলে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলকাতার আরসিসিআইআইটি কলেজের অধ্যক্ষ শ্রী অনির্বাণ। সম্মেলনে বিশিষ্ট অতিথি হিসেবে যোগ দেন পেশায় ইঞ্জিনিয়ার ও নেশায় সমাজসেবী শ্রী শংকর হালদার।



এদিনের সম্মেলনে স্বাগত ভাষণ দেন সংগঠনের রাজ্য সভাপতি ড. হরিদাস ঘটক। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি। সম্মেলনের উদ্বোধক অধ্যাপক চট্টোপাধ্যায় সংগঠনের মুখপত্র এএসএফএইচএম  জার্নাল”-এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ করেন। উদ্বোধনী ভাষণে তিনি বর্তমান শিক্ষাব্যবস্থার চরম অরাজকতার মধ্যেও রাজ্যের প্রধান শিক্ষক–শিক্ষিকারা যেভাবে সংগঠিত হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, তার ভূয়সী প্রশংসা করেন।

সম্মেলনে প্রধান অতিথি আরসিসিআইআইটি কলেজের অধ্যক্ষ তাঁর বক্তব্যে উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলে প্রধান শিক্ষক–শিক্ষিকা, বিষয় শিক্ষক–শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিয়োগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার চর্চার উপর বিশেষ গুরুত্ব আরোপের কথা বলেন। বিশিষ্ট অতিথি শ্রী শংকর হালদার তাঁর বক্তব্যে সাম্প্রতিক উত্তরবঙ্গে পাহাড়ি ধস ও বন্যা পরিস্থিতি, অতীতে আমফান ঝড়ে ও বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গ, এবং করোনা পর্বে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাড়ে ছয় লক্ষ টাকা অনুদান, পাঁচ শতাধিক অক্সিজেন কনসেনট্রেটর ও মেডিকেল টিম পাঠিয়ে সেবামূলক কর্মকাণ্ডে এএসএফএইচএম-এর প্রধান শিক্ষক–শিক্ষিকাদের ভূমিকার প্রশংসা করেন।


পাশাপাশি সম্পাদকীয় প্রতিবেদনের উপর রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন। আগামী আরও দু’দিন ধরে এই আলোচনা ও পর্যালোচনা চলবে।*
সংগঠনের পক্ষ থেকে বাংলার চাণক্য নিউজ প্রতিনিধিকে জানানো হয়,সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিরঞ্জীব ভট্টাচার্য এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সচিব অধ্যাপক সুব্রত ঘোষ। আগামীকাল শনিবার সম্মেলনে যোগ দিতে আসছেন বিশিষ্ট সাহিত্যিক ও ঔপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় সহ সমাজের অন্যান্য বিশিষ্টজন।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *