
হিমাদ্রিশেখর মণ্ডল, বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ২৭ অক্টোবর ২০২৫ সোমবার বেলা ১১টায় ডঃ সমরেশ মজুমদার ইহলোকের সমস্ত মায়া ত্যাগ করে অমৃতলোকে পাড়ি দিলেন। বার্ধক্য জনিত কারণে কোলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে চিরতরে থেমে গেল তাঁর কলম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। রেখে গেলেন একমাত্র পুত্র কৌস্তভ মজুমদার (আবীর) ও পুত্র বধূ মধুমিতা ভট্টাচার্য, আত্মীয় পরিজন। ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে…’ গানের মাধ্যমে তাঁর আত্মীয় পরিজন, অসংখ্য ছাত্র-ছাত্রীরা এবং গুণমুগ্ধরা তাঁকে চির বিদায় জানালেন। গড়িয়ার বোড়াল শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তিনি থাকতেন ‘পরজ- বসন্ত’, ৭৫ ক্যানাল সাইড রোড, গড়িয়া, কোলকাতা-৭০০০৮৪।
ডঃ সমরেশ মজুমদার ৭ ফেব্রুয়ারি ১৯৪০ সালে ঢাকাতে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গভাষা ও সাহিত্যে এম.এ করেন। ১৯৮৩ সালে ‘বাংলা সাহিত্যের পঁচিশ বছর (১৯২৩-‘৪৭)’ শীর্ষক গবেষণার জন্য পি.এইচ.ডি উপাধি পান। প্রথমে অধ্যাপনা শুরু করেন জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজ। পরে তিনি সোনারপুর মহাবিদ্যালয়ে যোগদান করেন এবং বাংলা বিভাগের প্রধান হন। আমন্ত্রিত অধ্যাপক ছিলেন শ্যামাপ্রসাদ কলেজে। স্নাতকোত্তর শাখায় আমন্ত্রিত অধ্যাপক ছিলেন নব বালিগঞ্জ মহাবিদ্যালয় এবং ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজে।
মূলত তিনি প্রাবন্ধিক রত্নাবলী থেকে প্রকাশিত হয় তাঁর লেখা ‘বাংলা উপন্যাসের পঁচিশ বছর (১৯২৩-‘৪৭)’, ”গণদেবতা’, ‘পদ্মানদীর মাঝি’, ‘কালিন্দী’, ‘আরণ্যক’। এছাড়াও ‘উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ‘, ‘গল্প উপন্যাসের অন্তর্জীবন’, ‘রবীন্দ্রনাথের গল্প বিশ্লেষণী পাঠ’, ‘স্বর্ণকুমারী দেবীর গল্প’, ‘ প্রবন্ধ কতিপয়’, ‘ প্রবন্ধ পঞ্চাশ’ প্রভৃতি তাঁর বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ । বিভিন্ন বিষয়ে বিশেষ করে ছোট গল্প ও উপন্যাস বিষয়ক গ্রন্থ রচনায় তিনি কৃতিত্বের পরিচয় দিয়েছেন। ‘প্রবন্ধু কতিপয়’ তার সেই যোগ্যতার গ্রন্থ রূপ। উপন্যাস ও ছোটগল্প সম্পর্কে উৎসাহী পাঠক-সমালোচকদের কাছে গ্রন্থটি বিশেষ ভাবে সমাদৃত। এছাড়াও পুস্তক বিপণি থেকে তার সুসম্পাদিত গ্রন্থ ‘জগদীশ গুপ্ত : জীবন ও সাহিত্য’ প্রকাশিত হয়। যে গ্রন্থটি পাঠক ও সমালোচকদের আলোড়িত করে। জগদীশ গুপ্ত সংক্রান্ত এতৎ জাতীয় গ্রন্থের অভাব তিনি পাঠকদের পূর্ণ করে দিয়েছেন। তাঁর লেখা গ্রন্থ পড়ে স্নাতক ও স্নাতকোত্তর -এর হাজার হাজার ছাত্র- ছাত্রীরা ভীষণ উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতেও হবেন।
এছাড়াও তিনি লিখেছেন ছোটগল্প। তাঁর ছোটগল্প পাঠকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। দীর্ঘকাল ধরে তিনি কবিতা লিখতেন। তাঁর লেখা কাব্যগ্রন্থ ‘নিষ্কলুষ তরবারি’, ‘সামুদ্রিকদের জন্য ‘, প্রভৃতি। তাঁর আগ্রহের বিষয় ছিল সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা ও চলচ্চিত্র।
তিনি দীর্ঘ দিন ধরেই ‘অরণ্যদূত’ ও ‘বঙ্গদর্পণ’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে ‘অরণ্যদূত’ ও ‘বঙ্গদর্পণ’ পত্রিকার সকল সদস্যরা গভীর ভাবে শোকাহত। তাঁর অমর আত্মার চির শান্তি কামনা করি। তাঁর কাজের জন্য তিনি চিরকাল অমর হয়ে থাকবেন অগণিত পাঠকদের হৃদয়ে।

ADVT


ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
