জলপথে পাথরপ্রতিমা থেকে দিঘা ভ্রমণে গিয়ে মাঝ সমুদ্রে বিকল ট্রলার,প্রাণ বাঁচাল পুলিশের হেল্পলাইন নম্বর

রাজ্য

তোতন দাশ,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাতে হঠাৎ বিকল হয়ে গেছে ট্রলারের ইঞ্জিন। চারিদিকে শুধু জল আর জল। প্রচন্ড গর্জন করে আসছে ঢেউ। অন্যদিকেই হাড় কাঁপানো ঠান্ডা। পাথর প্রতিমা থেকে জলপথে দীঘায় যাওয়ার পথে এমনি ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল ২২ জন পর্যটককে।শনিবার গভীর রাতে মাঝ সমুদ্রে বেশ কয়েক ঘন্টা  মৃত্যুর দোর গোড়ায়  দাঁড়িয়ে থেকে অবশেষে প্রাণে বাঁচলো দক্ষিণ ২৪ পরগনার  পাথর প্রতিমার পর্যটক দল।
পুলিশও পর্যটক সূত্রে জানা গেছে,শুক্রবার ২৬/১২ ২০২৫ দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপ্রতিমা থেকে একটি ট্রলার ভাড়া করে দীঘা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই ২২ জনের পর্যটক দলটি। জানা গেছে, মূলত শীতের মরশুমে জলপথ ভ্রমণের আনন্দ নিতেই এই দীঘা ভ্রমণ। কিন্তু দিঘা পৌঁছতে  মাত্র ৪০-৪৫ মিনিট আগেই হঠাৎ মাঝ সমুদ্রে ট্রলারে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। উত্তাল সমুদ্রে কনকনে ঠান্ডায় আর আতঙ্কে, কি করবে বুঝে উঠতে পারছিলেন না ট্রলারে থাকা পর্যটকরা। এর মধ্যে বেশ কয়েকজন কিভাবে বেঁচে ফিরবেন সে চিন্তায় কান্নাকাটি জুড়ে দিয়েছিল ।তবে মোবাইলের টাওয়ার পাওয়া যাচ্ছিল অল্প বিস্তর। এভাবেই সামাজিক মাধ্যমের যোগাযোগের চেষ্টা করে পুলিশের হেল্পলাইন নাম্বারে ফোন করে  সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক কে  বিস্তারিত জানালে তৎক্ষণাৎ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ দ্রুত দিঘা কোস্টাল থানার পুলিশের উদ্ধারকারী দল ,স্পিড বোর্ড সহ বিপর্যয় মোকাবিলা বাহিনী, ছোট ভেসেল নিয়ে মাঝ সমুদ্র থেকে ওই ২২ জন পর্যটককে উদ্ধার করে রাতে দিঘার সৈকতে নিয়ে আসে ।
উদ্ধার হওয়া পর্যটক সুকুমার জানা,বিমান ভুঁইয়ারা বলছেন, পাথরপ্রতিমা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটা সময় সব আশা ছেড়ে দিয়েছিলাম। দীঘা যাত্রায় জলপথে ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা কল্পনাও করতে পারিনি। চারপাশে শুধু অন্ধকার। জল আর জল। অন্যদিকে উপায় ছিল না ফিরে যাওয়ার। তবে পুলিশ সময় মত না পৌঁছলে, আজ কি যে হতো !
এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে  বলেন, সম্প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে একটি হেল্পলাইন নাম্বার ৭০৪৭৯৮৯৮০০ চালু করা হয়েছে। বিপদে পড়া ওই ট্রলারের যাত্রীরা সামাজিক মাধ্যমে সেই নম্বর সংগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এর ফলেই আমরা দ্রুততার সঙ্গে তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটা জেলা পুলিশের সাফল্য।
বর্তমানে ওই ট্রলারের সকল পর্যটক সুস্থ আছেন। চরম বিপদে পুলিশ তৎপরতার সঙ্গে উদ্ধারকে, কার্যত কুর্নিশ জানিয়েছেন এই পর্যটক দল।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন;- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *