
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমার নামখানা টোল প্লাজা সংলগ্ন একটি চায়ের দোকান থেকে বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল রাতে বিজেপি কর্মী-সমর্থকদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রচুর নথি উদ্ধার করে। উদ্ধার হওয়া নথির মধ্যে রয়েছে, বহু আধার কার্ড , বেশ কিছু ভোটার কার্ড, এবং ৩৮টি এলআইসি বন্ড এবং ২৬টি এটিএম কার্ড ও ব্যাংক পাসবুক।
বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, এতগুলি গুরুত্বপূর্ণ সরকারি ও আর্থিক নথি কীভাবে একটি চায়ের দোকানে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে নথিগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রয়োজন হলে নথিতে উল্লেখিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখা হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন নামখানা থানার পুলিশ ।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে উদ্ধার হওয়া নথিগুলি কোথা থেকে এসেছে এবং কেন সেগুলো চায়ের দোকানে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে ।প্রাথমিক তদন্তে অভিজ্ঞ তদন্তকারীরা মনে করছেন এগুলি কিছু হয়তো হারিয়ে যাওয়া বা ভুলবশত ফেলে যাওয়া নখি হতে পারে ।আবার কিছু নথির ক্ষেত্রে জালিয়াতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত নেমেছে প্রশাসন।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, ওই চায়ের দোকানে আগে কখনো এমন কোন ঘটনা বা অন্যের জন্য কোন অসামাজিক কাজকর্ম দেখা যায়নি। ঠিক কিভাবে এই বিপুল পরিমাণে নথি উদ্ধার হল তা তারা বুঝতে পারছেন না। অনেকে মনে করছেন, এটি বড় ধরনের কোন চক্র এর সঙ্গে যুক্ত থাকতে পারে। কেউ কেউ মনে করছেন পরিচয় পত্র ব্যবহার করে বেআইনি কাজকর্ম করার ছক। এই বিষয়গুলো খতিয়ে দেখছেন প্রশাসনের কর্তা বলে মনে করছেন স্থানীয় মানুষজন।






