
তপন কুমার দাস (পাথরপ্রতিমা),বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পশ্চিমবঙ্গ পুলিশের ‘স্বয়ংসিদ্ধা’ প্রকল্পের উদ্যোগে কুয়েমুড়ি হেরম্ব গোপালপুর সনাতন মিলন বিদ্যাপীঠ (উচ্চ মাধ্যমিক)-এ বাল্যবিবাহ প্রতিরোধ, মানব পাচার রোধ এবং শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতামূলক এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে প্রায় ৫০০ জন সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং পাথরপ্রতিমা থানার প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে ছাত্রছাত্রীরা বাল্যবিবাহের কারণ ও এর ভয়াবহ প্রভাব, শিশুশ্রম এবং মানব পাচারের বিভিন্ন দিক নিয়ে ‘মুক্তির পথ’ শীর্ষক উপস্থাপনা পরিবেশন করেন। পরে সেচ্ছাসেবী সংস্থা ‘মুক্তি’-র প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবী শংকর হালদার এই সামাজিক সমস্যাগুলি থেকে উত্তরণের সঠিক দিশা তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।
এরপর পাথরপ্রতিমা থানার কর্মকর্তারা বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে প্রচলিত আইন, প্রশাসনিক সহায়তা এবং জরুরি পরিষেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা চাইল্ড হেল্পলাইন ১০৯৮ এবং জরুরি পরিষেবা ১০০/১১২ নম্বরের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং যেকোনো সন্দেহজনক ঘটনা বা বিপদের সময় কীভাবে প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে হবে, সে বিষয়েও শিক্ষার্থীদের অবহিত করেন।
কর্মসূচির শেষে একটি কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞান ও সচেতনতার মূল্যায়ন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ ও মানব পাচারের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধ এবং শিশুদের অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের আরও সংবেদনশীল করে তুলতে এই কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।






