
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- একের পর এক পর্যটক এর মৃত্যুর ঘটনা। আর তারপরেই বড় পদক্ষেপ নিল প্রশাসন। দুর্ঘটনা রুখতে এবার মান্দারমনির সমুদ্র সৈকতের প্রায় দু কিলোমিটার এলাকা জুড়ে সমুদ্র স্নানের সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিপদজনক এলাকাটি ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত এক মাসে মান্দারমনিতে সমুদ্র স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।আর বারবার এই মৃত্যুর ঘটনা ঠেকাতে এবার কঠোর পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও মান্দারমনি উপকূল থানা।
প্রশাসনের উদ্যোগে মান্দারমনির তিন নম্বর ঘাট সংলগ্ন এলাকায় প্রায় দু কিলোমিটার জুড়ে সমুদ্র সৈকতে বাঁশের খুঁটি পোতা হয়েছে। তাতে লাল ফিতে ও দড়ি বেঁধে ব্যারিকেড তৈরি করা হয়েছে। এর ফলে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা খুব সহজেই দূর থেকে বুঝতে পারবেন এটি একটি বিপদজনক এলাকা। এই সীমানার মধ্যে যাতে কেউ সমুদ্রে নামতে না পারে সে বিষয়ে প্রচার এবং নজরদারি চালাচ্ছে পুলিশ ও নুলিয়ারা । পাশাপাশি পর্যটকদের সুরক্ষার জন্য একাধিক নিয়ম চালু করেছে প্রশাসন। যেমন সমুদ্রের হাঁটু জলের বেশি নামা যাবে না। মদ্যপান করে সমুদ্র সৈকতের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ। সমুদ্রের ধারে বা বালু বেলায় নোংরা বা প্লাস্টিক ফেলা যাবে না। মোহনা অঞ্চলে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা রয়েছে । রাত দশটার মধ্যে সমস্ত হোটেলের গেট ও দরজা বন্ধ করতে হবে ।
আর হাতে গোনা মাত্র কটা দিন তারপরেই উৎসবে মেতে উঠবে বাংলা। টানা উৎসব মরশুম শুরুতে প্রতিবছর মান্দারমনির পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।আর পুজোর সময় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যই আগে থেকে নজরদারি কঠোরতা শুরু করল প্রশাসন। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে,শুধু মান্দারমনি তে নয়, দিঘাতেও পুলিশ, সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা আগের থেকে অনেক বাড়ানো হচ্ছে। থাকছে উদ্ধারকারী দল। নতুন স্পিডবোর্ড। এবছর অনেক আগে থেকে প্রশাসনের এই তৎপরতার ফলে স্বাভাবিকভাবে আগে তুলনায় অনেকটাই নিরাপদ হবেন পর্যটকরা বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

ADVT

ADVT


ADVT

