
নিতাই মালাকার.(কোলকাতা)বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সাধারণ মানুষের অভিযোগ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি করতে বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকার চারটি পৃথক টোল-ফ্রি অভিযোগ জানানোর হেল্পলাইন নম্বর চালু করেছে, যার মাধ্যমে নাগরিকরা নির্দিষ্ট ধরনের অভিযোগ সরাসরি নবান্নের কেন্দ্রীয় কন্ট্রোল রুমে জানাতে পারবেন।
চালু হওয়া চারটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর হল—
১৫৫৩৩৪ – কাটমানি সংক্রান্ত অভিযোগ
১৫৫৩৩৫ – সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ
১৫৫৩৩৭ – বেআইনি রাস্তা কর বা টোল আদায় সংক্রান্ত অভিযোগ
১৫৫৩৩৯ – বেআইনি চোলাই মদের ভাটি (ডিস্টিলারি)
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিষেবায় ফোন করার জন্য কোনও কল চার্জ লাগবে না। সমস্ত অভিযোগ নবান্নে অবস্থিত কেন্দ্রীয় কন্ট্রোল রুমে গ্রহণ করা হবে এবং প্রতিটি অভিযোগ অনলাইনে নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
হেল্পলাইনগুলি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে। শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনেও এই পরিষেবা মিলবে। একই সময়ে সর্বাধিক ২০টি ফোনকল গ্রহণ করার ব্যবস্থা রাখা হয়েছে।
অভিযোগকারীর পরিচয় ও ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে।
রাজ্য সরকারের আশা, এই নতুন উদ্যোগের মাধ্যমে কাটমানি, সিন্ডিকেট, বেআইনি টোল আদায় এবং বেআইনি চোলাই মদের ভাটির মতো বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সাধারণ মানুষ আরও সহজে অভিযোগ জানাতে পারবেন এবং প্রশাসনিক পদক্ষেপও হবে আরও দ্রুত ও স্বচ্ছ।






