
নিতাই মালাকার(কোলকাতা)বাংলার চাণক্য নিউজ ডেস্ক):- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনের সর্বোচ্চ পদে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ পালন করবে বিজেপি। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে। পশ্চিমবঙ্গেও বুথ থেকে জেলা স্তর পর্যন্ত নানা কর্মসূচি নেওয়া হয়েছে বলে সোমবার সল্টলেকের রাজ্য বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে জানান রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
শমীক ভট্টাচার্য জানান, গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনের সর্বোচ্চ পদে থাকার ২৫ বছর পূর্ণ হবে। এই দীর্ঘ প্রশাসনিক যাত্রা এবং তাঁর সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই ‘সেবা সংকল্প অভিযান’-এর আয়োজন।
১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজ্যের প্রতিটি বুথে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে অন্তত ২৫টি প্রদীপ জ্বালানো হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ২৫ বছরের প্রশাসনিক কর্মকাণ্ড তুলে ধরতে ‘নমো সেবা গাথা’ নামে তথ্যচিত্র ও থিম সং প্রকাশ করা হবে। জেলা ও মণ্ডল স্তর থেকে ‘সেবা জ্যোতি যাত্রা’র মাধ্যমে কর্মসূচিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ‘সেবায় আমার অবদান’। এলাকার পরিচ্ছন্নতা, জল সংরক্ষণ, নদী ও জলাধার সংস্কার, বর্জ্য পৃথকীকরণ এবং প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর মতো সামাজিক কাজে সাধারণ মানুষকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়াও ‘সেবা সেতু অভিযান’-এর আওতায় তিন দিনের বিশেষ শিবিরের মাধ্যমে বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত যোগ্য মানুষদের সহায়তা করা হবে। ব্লক স্তর থেকে বুথ পর্যন্ত এই শিবির হবে। আবেদনপত্র পূরণ, ডিজিটাল প্রক্রিয়া এবং প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে উপভোক্তাদের সহযোগিতা করা হবে। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, বার্ধক্যভাতা-সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা যোগ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
শমীকবাবুর অভিযোগ, পশ্চিমবঙ্গে রাজনৈতিক কারণে বা রাজ্য সরকারের অসহযোগিতায় পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, আয়ুষ্মান ভারত, পিএম বিশ্বকর্মা যোজনা এবং কিষাণ সম্মান নিধির মতো কেন্দ্রীয় প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। তাঁর দাবি, ‘সেবা সংকল্প অভিযান’-এর মাধ্যমে যোগ্য মানুষ যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার চেষ্টা করবে দল।
অভিযানে শিশুদের জন্য বসে আঁকা, আবৃত্তি-সহ বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হবে। তরুণদের উদ্ভাবনী প্রতিভাকে উৎসাহ দিতে কলকাতা-সহ পাঁচটি শহরে সায়েন্স কংগ্রেস করার পরিকল্পনা রয়েছে। চারুকলা কলেজগুলিকেও যুক্ত করে প্রধানমন্ত্রীর প্রশাসনিক যাত্রা ও কেন্দ্রীয় প্রকল্পের নানা দিক শিল্পের মাধ্যমে তুলে ধরা হবে। পাশাপাশি সরকারি প্রকল্পে উপকৃত ২৫ লক্ষ পরিবারের সাফল্যের কাহিনি সংগ্রহ করে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে প্রচারের উদ্যোগ নেওয়া হবে।
‘গেরুয়া বঙ্গ’ প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, বিজেপি এই শব্দবন্ধে বিশ্বাস করে না। তাঁর দাবি, গেরুয়া ত্যাগ ও ভারতীয় সংস্কৃতির প্রতীক। জেন-জি প্রসঙ্গে তাঁর বক্তব্য, তরুণদের প্রশ্ন করার ও নিজেদের ভাষায় মত প্রকাশের অধিকার রয়েছে।
বাঙালির খাদ্যাভ্যাস নিয়েও বিজেপির কোনও বিধিনিষেধের অবস্থান নেই বলে স্পষ্ট করেন তিনি। কে মাছ-মাংস খাবেন, কে নিরামিষ খাবেন—তা ব্যক্তিগত পছন্দের বিষয়। ‘সেবা সংকল্প অভিযান’-এর মাধ্যমে একদিকে প্রধানমন্ত্রীর ২৫ বছরের প্রশাসনিক কর্মকাণ্ড তুলে ধরা, অন্যদিকে মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করাই দলের লক্ষ্য বলে জানান রাজ্য বিজেপি সভাপতি।






