
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বর্ষা শেষ হতে চলেছে, ইলিশের দেখা তেমন মিলছে না। যেটুকু মিলছে তার দাম আকাশ ছোঁয়া। নিম্নবিত্তদের কাছে ইলিশ যেন অকল্পনীয় ব্যাপার।আর সেই সব পরিবার থেকে আসা ছাত্র-ছাত্রীদের খুশি করেতে, মিড ডে মিলে কিছুটা স্বাদবদলে ইলিশ উৎসবের আয়োজন করলেন ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
৫ই, সেপ্টেম্বর প্রতিবছরের মতো এবছরও ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য সম্মানের সাথে পালিত হয় শিক্ষক দিবস । আর সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের আবদার মেটাতে পালিত হল ইলিশ উৎসব।এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফলতা সমষ্টি উন্নয়ন আধিকারিক তন্ময় ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গোকুল চন্দ্র মল্লিক , এছাড়াও বহু বিশিষ্ট গুণীজনেরা।
এদিন শুরুতেই সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদান এবং শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্যে দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। ছাত্রছাত্রীরা নাচ গান এবং তাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদেরকে উপহার প্রদানের মধ্যে দিয়ে মেতে ওঠে এই আনন্দ উৎসবে।
তারপর দুপুরে ছাত্রছাত্রীরা প্রবল উৎসাহ ও উদ্দীপনার সাথে মেতে ওঠে ইলিশ উৎসবে । বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ইলিশ উৎসবে উপস্থিত ছাত্র-ছাত্রীদের, অভিভাবক -অভিভাবিকাদের এবং আমন্ত্রিত অতিথিদেরকেও খাওয়ানো হয় ইলিশের একাধিক পদ । ভাত , আলু মাখা, ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাপা এবং ইলিশ মাছ ভাজা ছাত্রছাত্রীরা খুব মজা করে এদিনের ইলিশ উৎসব উপভোগ করেছে। অভিভাবক অভিভাবিকারাও বিদ্যালয়ের এই ধরনের উদ্যোগে খুব খুশি এবং তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।






